বাংলাদেশ একটি নতুন পথের যাত্রা শুরু করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ১৯৭১ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে যে চিত্র বাংলাদেশের ছিল, ২০২৬ সাল থেকে সেই চিত্র পরিবর্তিত হবে। আর এই পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ফারজানা শারমিন পুতুল বলেন, যদি বলতে হয় বাংলাদেশে কী ধরনের পরিবর্তন আসছে, তাহলে আমি বলব—আমি সেই পরিবর্তনের প্রতীক। নাটোর-১ সংসদীয় আসনে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে জনগণের সামনে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, বিএনপি আমাকে ধানের শীষের মতো একটি মূল্যবান প্রতীক তুলে দিয়েছে শুধু লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের জন্য নয়, বরং সারা বাংলাদেশের পরিবর্তনের অংশ হিসেবে।
আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে পুতুল বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।
তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ায় কেবল রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ কিংবা মন্দির নির্মাণ করলেই আমরা তৃপ্ত হব না। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়লাভ করে ঘরে ঘরে মানবসম্পদের উন্নয়ন ঘটানোই হবে আমাদের মূল লক্ষ্য। মানুষের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করেই প্রকৃত উন্নয়ন সাধন করা হবে।
জনসভায় তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থীকে জয়ী করার নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।