ডাক্তার পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ করেছেন ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা। গত বৃহস্পতির শোকজ করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয়।
শোকজপত্রে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিকের বিরুদ্ধে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি কর্তৃক এই মর্মে অভিযোগ করেন, ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের পূর্বে ডা. পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি। যাহা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণী বিধি লঙ্ঘন। এছাড়াও এম.বি.বি.এস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানান্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না, মর্মে জামায়াত প্রার্থীকে আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নিজে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন।
বক্তব্য জানতে জামায়াত নেতাকে ফোন দিলে তার মিডিয়া প্রতিনিধি পরিচয়ে আনোয়ার হোসেন রিসিভ করে বিষয়টি তাদের জানা নেই বলে মন্তব্য করেন।