ইসি মাছউদ বললেন

প্রিসাইডিং অফিসার প্রত্যেকেই নির্বাচন কমিশন

রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পীরগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মতবিনিময়ে নির্বাচন কমিশনার বলেন, প্রিসাইডিং অফিসাররা প্রত্যেকেই নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে আমরা পাঁচজন দায়িত্বে, টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র এই পাঁচজনের পক্ষে পরিচালনা করা কি সম্ভব? আপনাদের সর্তক থাকতে হবে সোশ্যাল মিডিয়াসহ অনেক রকম বার্তা আসতে পারে বা গুজব আসতে পারে, আপনারা কোনো বার্তায় যাবেন না, আপনার বার্তা একটা, ভোট করা, সুন্দর ভোট করা, সুন্দর ভোট বলতে বুঝি সাধারণ মানুষের কাছে যেন গ্রহণ যোগ্যতা পায়।

রংপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বিশেষ অতিথি ছিলেন।

এ ছাড়া পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, অফিসার ইনচার্জ সোহেল রানাসহ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।