সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার’-এর এক জরিপে উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৪২.১ শতাংশ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯ শতাংশ ভোটার।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬.২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী ৪.১ শতাংশ মন্তব্য করতে রাজি হননি। আর ১.৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন।
গতকাল শনিবার রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।
সোচ্চারের জরিপে দেখা গেছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ড. শিব্বির আহমেদ বলেন, প্রধান চারটি রাজনৈতিক দলের নির্বাচনী এলাকাÑ ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই এ তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, এ জরিপের ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সোচ্চারের ওই জরিপের তথ্যমতে, ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। তিনি ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান পাবেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট।
রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।