কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি একই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে লিভ টু আপিলে। আপিল বিভাগের  চেম্বার আদালতে আগামীকাল শুনানি হতে পারে।

এর আগে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট করেছিলেন ২  ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম।