আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর: এক্সপ্রেস ট্রিবিউন।
প্রাদেশিক পুলিশের ভাষ্য অনুযায়ী, মিনিবাসটি রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের একটি অংশে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে চলে যায়। পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পেছনে সড়কের অত্যন্ত নাজুক ও ক্ষতিগ্রস্ত অবস্থা বড় ভূমিকা রেখেছে।
নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে।
দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং পর্যাপ্ত তদারকির অভাব যোগ হয়ে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।
গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরানফেরত অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। ওই দুর্ঘটনায় এক ডজনেরও বেশি শিশু প্রাণ হারায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। এসব ঘটনায় দেশটিতে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।