ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদ্য ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী শাহ্ মো. আশফাকুর রহমান আশফাক।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান সহসভাপতি হিসেবে, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক হুমায়ুন চিস্তি সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং ব্যবসায়ী মোখলেসুর রহমান বাবু অর্থ সম্পাদক হিসেবে। এ নিয়ে প্রাথমিকভাবে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে দিনাজপুর জেলা সমিতি, ঢাকার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় বসবাসরত দিনাজপুর জেলার ১৩টি উপজেলার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের উপস্থিতিতে সভাটি পরিণত হয় এক মিলনমেলায়। অংশগ্রহণকারীরা সেখানে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৩৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যার বাকি সদস্যদের নাম পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবুল কাসেম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য হারুন-উর রশিদ রাজা।
বক্তারা সভায় উল্লেখ করেন, ঢাকাস্থ জেলা সমিতিগুলোর মধ্যে দিনাজপুর জেলা সমিতি অন্যতম প্রাচীন সংগঠন। সদস্যদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণের পাশাপাশি দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে সমিতির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।