বগুড়ার দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এসব নেতাকর্মীদের মধ্যে সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকও রয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে আয়োজিত বিএনপির এক সমাবেশে আনুষ্ঠানিক ভাবে তারা বিএনপিতে যোগ দেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া-১ আসনের দলীয় প্রার্থী, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেয়া নেতা কর্মীরা হলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়াসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।
নবাগতদের স্বাগত জানিয়ে সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেয়া আমি উপজেলা জাতীয় পার্টির নেতাদের অভিনন্দন জানাই। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে। গণতন্ত্রমনা মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ। বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।
বিএনপিতে যোগ দেয়ার পর সাবেক জাপা নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়া মানেই বিএনপি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির নেতৃত্বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সে কারণেই আমরা উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তাহেরুল ইসলাম, সাইবার দলের সভাপতি জুলাই যোদ্ধা জুলফিকার আলী রুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।