নির্বাচনের মাঠে নয়, অনলাইন প্রোপাগান্ডায় জামায়াত সবচেয়ে এগিয়ে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
তিনি বলেন, নির্বাচনের মাঠে নয়, অনলাইন প্রোপাগান্ডায় জামায়াতই এখন সবচেয়ে এগিয়ে। তারা বাস্তবতার রাজনীতিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করতে চায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরার তুরাগ ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, জনগণের সমর্থন যেখানে নেই, সেখানে অনলাইনে ভুয়া প্রচারণা চালিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন,মিথ্যা প্রচারে তারা আর বিভ্রান্ত হয় না।
বিএনপি রাজপথে জনগণের সঙ্গে রাজনীতি করে উল্লেখ করে উত্তর বিএনপির সদস্য সচিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী মাঠের রাজনীতি ছেড়ে অনলাইনে অপপ্রচার চালিয়ে রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
ঢাকা-১৮ আসনের ভোটারদের উদ্দেশে করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
নির্বাচনীয় প্রচারণায় তার সঙ্গে আরও উপস্থিতি ছিলেন ঢাকা ১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।