সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো আকাশ (২০),বাবু (১৯), শাহিন (২৯), বিপুল মহন্ত (২৬), হৃদয় ইসলাম (২২),মাহফুজুর রহমান রকিব (২৯)।
পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকায় জনি হোসেনের বাড়িতে ১০-১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, ১ টি রামদা, ১ টি হাতুড়ি, ১টি সুইচ গিয়ার, ১টি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে, তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।