বিএনপির ৭ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে ৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে জানানো হয়।

তারা হলেন সাতক্ষীরার কলারোয়া বিএনপির সহ-সভাপতি মো.আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর বিএনপি সদস্য মো.ইশতিয়াক আহম্মেদ হিরা, একই জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সরদার আফজাল হোসেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর সাইতাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো.মোকারম হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমানউল্লা আমান ও খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কিশোর কুমার মন্ডল, খুলনা মহানগরের ২৬নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.খায়রুল ইসলাম হিরু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য এই সাত নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার (৮ জানুয়ারি) তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।