মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকা থেকে সরকারি সার পাচারকালে বিপুল পরিমাণ সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- মাগুড়ার শ্রীপুর থানার রাজধরপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে ট্রাকচালক আশিক বিশ্বাস (২৬) এবং কক্সবাজারের রামু থানার মন্ডলপাড়া গ্রামের অজিত দাসের ছেলে হেলপার উৎপল দাস ওরফে মুন্না (৩৪)।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় একটি ট্রাক তল্লাশি করা হয়। প্রথমে ট্রাকে সিমেন্ট বহনের কথা জানানো হলেও কাগজপত্র যাচাই শেষে ভেতরে সার পাওয়া যায়। পরে ট্রাক থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ২২০ বস্তা টিএসপি ও ২৮০ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। প্রতি বস্তা ৫০ কেজি হিসেবে মোট ২৫ হাজার কেজি সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, সারগুলো ঘিওর উপজেলার একটি গোডাউন থেকে বোঝাই করে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সার পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ সার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক রিমন খান ও তবারক হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।