আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১২ তারিখের ভোট হতে হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন, কেউ কেউ আন্দোলনে আহত ও অন্ধ হয়েছেন। সেই ত্যাগের ফলেই আজ মানুষ আবার ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে।
তারেক রহমান বলেন, এই অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হলে আমাদের দায়িত্বশীলভাবে এই ভোট ব্যবহার করতে হবে। বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।