আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্মদানের ব্যবস্থা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এ জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে, যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাবা-মায়ের ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।