'নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার করা হবে'

'আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত কোনও ভেদাভেদ থাকবে না। ১২ তারিখ নির্বাচনের যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরীহ তাদের সকল মামলা প্রত্যাহার করা হবে। সকলে মিশেমিশে সমাজে বসবাস করব। বরগুনার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে বরগুনার আওয়ামী লীগ নয়, দিল্লি-কলকাতার আওয়ামী লীগ যতটা না ভালো আছে তার চেয়ে ভালো থাকবেন।'

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

নজরুল ইসলাম মোল্লা বলেন,‘২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে অবহেলিত আমতলী তালতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তখন আমতলী-তালতলী-ফকিরহাটসড়ক, আমতলী-তালতলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়। সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য মরহুম আলহাজ মো. মতিয়ার রহমান তালুকদারের হাত ধরেই তখন আমতলী তালতলীবাসী উন্নয়নের সুফল পেয়েছিল। বিগত ১৭ বছর আমতলী ও তালতলীতে কোনও উন্নয়ন হয় নাই।

একটি দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সমালোচনা করে তিনি বলেন, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে। কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মুসলমান ও মা-বোনদের বিভ্রান্ত করছে। ধর্মকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, গত একুশ বছরে আমতলী-তালতলীতে দৃশ্যমান কোনও বড় উন্নয়ন হয়নি, মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে আমতলী-তালতলীতে নতুনভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ হবে।

আমতলী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে সদস্য সচিব মো. তুহিন মৃধার সঞ্চলনায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার, আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সুপ্রিম কোট শাখার সদস্য সচিব অ্যাড. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদ সৈয়দ জহিরুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, মো. কামরুজ্জামান হীরু, আলহাজ তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো. জালাল আহমেদ খানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন শাখার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।