যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী শহরের নাজির শংকরপুরে মতবিনিময় সভা শেষে প্রচার মিছিল করেছেন। তার এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল হিসেবে জাতীয়পার্টি নির্বাচন করছে। তাই আঘাত, সংঘাত, বিপদ উপক্ষো করে বাংলাদেশের মানুষকে লাঙ্গল প্রতীকের সাথে থাকতে হবে। লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যশোরের মানুষের অধিকার আদায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে এবার পরিবর্তনের সময় এসেছে। নির্বাচিত হলে আমি এই জনপদের মানুষের সেবক হয়ে কাজ করব।
যশোর সদর ও পৌর শাখা জাতীয় পার্টির মহিলা দল আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী জাফরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, যশোর পৌর জাতীয় পাটি আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, নারী নেত্রী ও সমাজসেবক লামিয়া মেহজাবীন, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিকী মন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন। আলোচনা সভা শেষে কয়েকশ নারী-পুরুষের অংশ গ্রহণে লাঙ্গল প্রতীকের প্রচার মিছিল বের হয়। মিছিলটি শহরের নাজির শংকরপুর থেকে বের হয়ে তালতলা মোড়, বেজপাড়া, বেজপাড়া পূজার মাঠ ঘুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।