কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলে ছিলেন ড. যুবায়ের আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস নূরুন্নিসা সিদ্দিকা ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।
বৈঠকের শুরুতে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মাওলানা আবদুল হালিম কমনওয়েলথ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।
বৈঠকে জামায়াত প্রতিনিধি দল নির্বাচন পরিস্থিতি তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি অনেক জায়গায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ প্রচারণা চালানোর সময় বড় একটি দলের বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে জামায়াতের নারীকর্মীরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। বারবার জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন, মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া অসংখ্য জায়গায় ভোটকর্মীদের ওপর হামলা নির্যাতন, ভয়-ভীতি ও হুমকি প্রদর্শ করা হয়েছে।
তারা আরও বলেন, নির্বাচনকালীন প্রার্থীর নির্বাচনী অফিস, বাসা ও নির্বাচন কর্মীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় আমরা মনে করি আমাদের প্রতিপক্ষ নির্বাচনকালীন আমাদের প্রতিপক্ষ দাগী সন্ত্রাসীদের মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা ও হামলার সমূহ শঙ্কা রয়েছে। আমরা মনে করি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করা জরুরি।