ঢাকার ১৩টি আসনে ভোটের আগে-পরে সভা-সমাবেশে ‘না’

ঢাকার ১৩টি সংসদীয় আসনে ভোটের আগে ও পরে ৯৬ ঘণ্টা সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশেষ সতর্কতায় থাকা আসনগুলো হলো ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোট শেষের পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা অংশগ্রহণ করতে পারবেন না।

এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় কোনো প্রকার আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। পাশাপাশি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের কোনো প্রকার হুমকি বা ভীতি প্রদর্শন করা যাবে না। একই সঙ্গে অস্ত্র বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এতে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অন্যূন ২ বছর এবং অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।