১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিশেষ নজরদারিতে থাকবে ৬৫৫ ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে সার্বিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৯৬৫টি। এর মধ্যে এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতি গুরুত্বপূর্ণ এসব ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নগর পুলিশের (সিএমপি) তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগর এলাকার চারটি আসন ও হাটহাজারীর অংশ নিয়ে ১৬টি থানার অধীনে ৬০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩১০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নগরের যেসব থানা এলাকার ভোটকেন্দ্র ‘অতি গুরুত্বপূর্ণ’ সেগুলো হলো খুলশী থানায় ৪৪টি, কোতোয়ালি থানা এলাকায় ৩৮টি, সদরঘাটে ১৫টি, ইপিজেডে ১৩টি, চকবাজারে ৪টি, আকবর শাহ থানায় ২৩টি, বাকলিয়ায় ১৩টি, চান্দগাঁওয়ে ২৭টি, পাঁচলাইশে ১৯টি, বায়েজিদ বোস্তামিতে ১৮টি, ডবলমুরিংয়ে ১৮টি, হালিশহরে ৩২টি, কর্ণফুলীতে ১৯টি, পাহাড়তলীতে ২০টি এবং পতেঙ্গায় ৭টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন জানান, চট্টগ্রাম শহরে প্রায় ৩১০টি ভোটকেন্দ্র ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র থাকবে বিশেষ নজরদারিতে। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার ১৬ থানা এলাকায় রয়েছে ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্র। এর মধ্যে ৩৪৫টি ‘অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সাতকানিয়া-লোহাগাড়ায় ৬৮টি, সীতাকু-ে ৪৮টি, চন্দনাইশে ৪২টি, বাঁশখালীতে ৪১টি, হাটহাজারীতে ৩০টি, সন্দ্বীপে ২৪টি, পটিয়ায় ২৪টি, বোয়ালখালীতে ২৫টি, রাউজানে ২১টি, আনোয়ারায় ১৩টি, দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৬টি এবং ভূজপুরে ৩টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘœভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম জেলার ভোটকেন্দ্রগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী মোবাইল টিম নিয়োজিত থাকবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।