জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্বে বিচারপতি মইনুল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে চার কমিশনারও দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রবিবার রাজধানীর কারওয়ানবাজারে কমিশন কার্যালয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন।

নিয়োগপ্রাপ্ত কমিশনাররা হলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান। গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর চেয়ারপারসন ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গত অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই সময়ে কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ও অপর সদস্যরা পদত্যাগ করেন। ওই বছরের নভেম্বর থেকে জাতীয় মানবাধিকার কমিশনে অচলাবস্থা বিরাজ করছিল।