বার্সেলোনার জয় মায়ামির ড্র

মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে গোল করে আবেগে ভেসেছেন কিশোর মিডফিল্ডার মার্ক বার্নাল। শনিবারের ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের পথে দলের তৃতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

প্রথমার্ধের ২৯ মিনিটে রবার্ট লেভানডফস্কি প্রথম গোল করন। মার্কাস রাশফোর্ডের বাম দিক থেকে বাড়ানো বল ধরে লেভানডফস্কি ঠা-া মাথায় নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের নাগাল এড়িয়ে গোল করেন। এই চলতি লিগে পোলিশ স্ট্রাইকারের এটি ১০ গোল।

প্রথমার্ধের শেষ ভাগে রাশফোর্ড একটি দুর্দান্ত ফ্রি কিক নিয়েছিলেন, যা মায়োর্কার গোলরকক্ষক অসাধারণভাবে সেভ করেন। লামিন ইয়ামাল প্রায় ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধে ইয়ামাল নিজের দক্ষতা দেখান। ৬১ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে এক চমৎকার শক্তিশালী শটে গোলপোস্টের কোনা দিয়ে বল জালে জড়ান। এটি তার গত সাত ম্যাচে ষষ্ঠ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ১৫তম গোল।

ম্যাচের ৮৩ মিনিটে চোট কাটিয়ে মাঠে ফেরা ১৮ বছর বয়সী মিডফিল্ডার মার্ক বার্নাল গোল করে জয় নিশ্চিত করেন। গোল করার পর বার্নাল বলেন, বার্সার হয়ে প্রথম গোল করা তার জন্য বিশেষ কিছু। ছোটবেলার স্বপ্নের মতোই অনুভূতি হয়েছে এই মুহূর্তটি। গত এক বছরে চোটের কারণে যে কঠিন সময় পার করতে হয়েছে, গোলের পর সেই সব স্মৃতিই চোখের সামনে ভেসে উঠেছিল বলেও জানান তিনি।

এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮। রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে তারা। রিয়াল গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেছে। আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনাল খেলবে বার্সেলোনা।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির গোলেও জয় পাওয়া হলো না ইন্টার মায়ামির। ইকুয়েডরের গুয়ায়াকিলে এস্তাদিও মনুমেন্তাল বানকো পিচিনচায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মেজর লিগ সকারের ক্লাবটি।

ম্যাচের ৩১ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। তবে গোল হজমের ১০ মিনিটের মধ্যেই জোয়াও রোজাসের গোলে সমতা ফেরায় স্বাগতিক বার্সেলোনা এসসি। প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তোমাস মার্তিনেজ। ম্যাচের শেষদিকে মিগুয়েল পারালেসের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করে দলকে ড্র এনে দেন মার্তিনেজ। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে আসে সমতাসূচক গোলটি।

এই ম্যাচের মধ্য দিয়ে প্রাক-মৌসুম অভিযান শেষ করল ইন্টার মায়ামি। তিন ম্যাচের প্রস্তুতি পর্বে তারা মাত্র একটিতে জয় পেয়েছে। আগের ম্যাচে আতলেতিকো নাসিওনালকে ২-১ গোলে হারালেও তার আগে আলিয়ান্সা লিমার কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

মেজর লিগ সকার কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আগামী ২১ ফেব্রুয়ারি নিয়মিত লিগ মৌসুম শুরু করবে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কোলিসিয়ামে।