কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে বৈঠক

জামায়াতের নারী কর্মীরা হেনস্তার শিকার হচ্ছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো এবং নারী কর্মীদের হেনস্তার বিষয়টি সামনে আনে জামায়াত।

জামায়াত প্রতিনিধিদল নির্বাচন পরিস্থিতি তুলে ধরে বলে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে জামায়ত। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ করছি অনেক জায়গায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রচার চালানোর সময় বড় একটি দলের বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে জামায়াতের নারী কর্মীরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। বারবার জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন, মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া অসংখ্য জায়গায় ভোটকর্মীদের ওপর হামলা-নির্যাতন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়েছে।

তারা আরও বলেন, নির্বাচনকালীন প্রার্থীর নির্বাচনী অফিস, বাসা ও নির্বাচনকর্মীদের নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় আমরা মনে করছি আমাদের প্রতিপক্ষ নির্বাচনকালীন আমাদের প্রতিপক্ষ দাগি সন্ত্রাসীদের মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি ঘটানো ও হামলার সমূহ শঙ্কা রয়েছে। আমরা মনে করি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করা জরুরি।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. যুবায়ের আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা প্রমুখ।