জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে স্মারকলিপি

নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীবিদ্বেষী বক্তব্য ও কর্মজীবী নারীদের অবমাননা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ এবং তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে কয়েকটি নারী সংগঠনের নেতারা। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁও এলাকায় র‌্যালি ও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সমাবেশ শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ। এতে নারীর শ্রম, মর্যাদা ও সামাজিক ভূমিকার প্রতি সরাসরি অস্বীকৃতি প্রকাশ পেয়েছে, যা সংবিধানস্বীকৃত সমতা এবং মানবাধিকারের পরিপন্থী।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট দল এই মন্তব্যকে ‘হ্যাকিং’ বলে দাবি করলেও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কোনো নিরপেক্ষ তদন্ত বা প্রামাণ্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উল্টো ‘হ্যাকিং’-সংক্রান্ত মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে, যা পুরো দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করে।

সংগঠনগুলো চারটি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো অবিলম্বে অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার। কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। নারীর মর্যাদা ক্ষুণœ করেÑ ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ‘জামায়াতের নেতারা ধারাবাহিকভাবে নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে চলছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’