মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবা জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গতকাল রবিবার রাতে কলতাবাজার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, রাকিবা আত্মহত্যা করেছেন। মেসের অন্য সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে পারেননি।

রাকিবার ছোট ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে শনিবার রাতে সর্বশেষ কথা হয় তার মায়ের এবং তিনি মেসে সম্পূর্ণ একা ছিলেন। বোন মাকে জানায়, তার শরীর ভালো না, পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারও সঙ্গে যোগাযোগ হয়নি। গতকাল তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে, তার বান্ধবীদের জানান। তখন বান্ধবীরা মেসে যান এবং ভেতর থেকে বন্ধ পেয়ে দরজা ভেঙে রুমে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাকিবার সোমবার বাড়ি যাওয়ার টিকিট কাটা ছিল।