নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
রফিকুলের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় রিফাত, নয়নদের সাথে তার ভাইয়ের মতবিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত ও নয়ন গং রফিককে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রবিবার রাত সাড়ে ৯টায় স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন রফিকুল ইসলাম সরকার। পথে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ রফিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে রাত সাড়ে ১০টায় নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি প্রবীর চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।