নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আমানউল্লাহ নামে এক যুবক আহত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম সরকার ওই এলাকার হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী লাভলী আক্তার স্থানীয় ৪, ৫ ও ৬ নং ওর্য়াড এর মহিলা ইউপি সদস্য।
নিহতের স্বজনরা জানায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর গ্রামের রিফাত ও নয়নের সঙ্গে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে রবিবার রাতে স্থানীয় বাজার থেকে আমানউল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং আমানউল্লাহ আহত হন। পরে রফিককে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আমানউল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
নিহতের ভাই মোস্তাকিম বলেন, আমার ভাই খুব ভালো মানুষ ছিলো। সে এলাকার সকল মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হানিফা, রিফাত, নয়ন, জামালসহ আরো কয়েকজন মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করে। আমি এহত্যাকান্ডের বিচার চাই।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানায়, রফিককে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের পিঠে ক্ষত পাওয়া গিয়েছে। এ ব্যাপারে ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।