দুমকিতে বিএনপি কার্যালয়ে আগুন

পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাসিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধোপার হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে সালমা বেগমসহ কয়েকজন পথচারী নারী কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নেভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান। এ সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও উপস্থিত হয়ে আলামতের ছবি সংগ্রহ করেন।

ওসি মো. সেলিম জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করতে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।