ফরিদপুরের বোয়ালমারীতে চায়ের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনে মানিক শেখ (৫০) চায়ের দোকান বন্ধ করে নামাজের জন্য তিনি পাশের মসজিদে যান। নামাজের পর এসে দোকানের সামনের বেঞ্চের ওপর রাখা দুটি প্যাকেট দেখে সন্দেহ হলে বোয়ালমারী থানায় খবর দেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেট দুটি উদ্ধার করেন। বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত ‘7.62×39 mm Ball Ammo’ লেখা দুটি প্যাকেটে মোট ৪০ রাউন্ড গুলি ছিল। উদ্ধারকৃত গুলি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গুলি উদ্ধারের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।