জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আল্লামা মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন। তাই এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে ফেরা পর্যন্ত এই পাহারা দিতে হবে।
তিনি বলেন, ভোট ছিনতাই ও দুঃশাসন ফিরিয়ে আনার কোনও দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিছু অসৎ ব্যক্তি মাদক, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি চালিয়ে আসছে। যারা এই অস্ত্রবাজি, ধাপ্পাবাজি করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে বাঁচিয়ে তুলব।
জনসভায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।