ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। সক্ষমতা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে এসব ভোটকেন্দ্রে কোস্টগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।
পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক।
তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সরকারের পক্ষ থেকে অ্যাপস, ক্যামেরা ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে।’
রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক আরও জানান, সারাদেশের চরাঞ্চলে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, আমরা কোনো ধরনের আশঙ্কা করছি না। উপকূলীয় এলাকার ভোটকেন্দ্রগুলোতে আমাদের উপস্থিতির মাধ্যমে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।
এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড সূত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন থাকবে। ইতোমধ্যে এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও নদীবেষ্টিত ভোলা জেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।