বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গত ৫৬ বছর ধরে বাংলাদেশ একই ধারায় চলছে। এ চলার পরিবর্তন চায় তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মের দল এনসিপি আমাদের সঙ্গে রয়েছে। একই সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সিপাশালার কর্নেল অলি আহমেদ। সুতরাং আগামী ১২ তারিখের নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট-লালমাই) উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রচারণার শেষ নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। আমরা দুর্নীতি করবো না, কাউকে করতে দেবো না। অতীতে আমিসহ আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে একটি টাকার দুর্নীতিও খুঁজে পায় নাই।
কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ আসনের বিএনপির প্রার্থী ছিলো আব্দুল গফুর ভূঁইয়া, তাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে। এখন যে বিএনপির প্রার্থী, তিনি আল্লাহ না করুক যদি বিজয়ী হন। তার ফলাফল আটকে যাবে। এখানে আবার নির্বাচন হবে। কেন এত কষ্ট করে, আবার ভোট দিবেন। একবারে ঝামেলা শেষ করেন। আমি চৌদ্দগ্রামে নির্বাচিত হলে এয়াসিন আরাফাত নাঙ্গলকোট-লালমাই আসনে নির্বাচিত হলে আমরা দুজনে এ আসনের উন্নয়ন করবো।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. এয়াছিন মজুমদার ও জামায়াত নেতা আমিনুল হক মাওলার সঞ্চালনা জনসভায় নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাও. ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী এটিএম মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাহজাহান, জামায়াত নেতা ড. দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুল ইসলাম হাছান, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন শিশির, শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুনতাসিম বিল্লাহ, লন্ডন প্রবাসি মহি উদ্দিন মহিন, সিআইপি গোলাম কবির ভূইয়া, ডাকসু এজিএম মহি উদ্দিন রনি, কুমিল্লা মহানগর শিবিরের হাসান আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমির এডভোকেট এবিএম সালাউদ্দিন, মাস্টার আব্দুল করিম, উপজেলা নায়েবে আমির সৈয়দ মহি উদ্দিন, পৌরসভার আমির হারুনর রশীদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাছান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান কাসেমী, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. জাফর আহমেদ, এডভোকেট শরীফ উদ্দিন খন্দকার ও শহীদ আলীফের পিতা সৈয়দ গাজিউর রহমান প্রমূখ।