আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা অবগত হয়েছি। যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, সোমবার দুপুরে আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে দলটির মিডিয়া সেলের আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দাবি করা হয়, প্রার্থী আমির হামজার নির্বাচনি প্রচারে ব্যবহৃত ব্যানার ও লিফলেটে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই; যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, আমরা আচরণবিধি লঙ্ঘনের একাধিক সুস্পষ্ট অভিযোগ দিয়েছি। এর মধ্যে কিছু বিষয়ে প্রতিকার পাওয়া গেলেও বেশ কয়েকটি অভিযোগে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ এনে জানানো হয়, গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া সদর আসনের এক ভোটার সৌদি আরব প্রবাসী ফারহান আহমেদ মুকুল নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন করতে গিয়ে জানতে পারেন, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আগেই কেউ নিবন্ধন সম্পন্ন করেছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এছাড়া বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, পরদিন আমির হামজার এক উঠান বৈঠকে খাবার বিতরণের অভিযোগ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে জমা দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই দিনে আলোকসজ্জায় সজ্জিত দাঁড়িপাল্লা ও দাঁড়িপাল্লা সদৃশ বস্তু প্রদর্শনের বিরুদ্ধেও অভিযোগ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।