ভোটের হার জানাতে দুই ঘণ্টা পরপর তথ্য দেবে কেন্দ্র

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র থেকে ভোট পড়ার হার দুই ঘণ্টা পরপর রিটার্নিং কর্মকর্তাকে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি পরিপত্র সোমবার (৯ ফেব্রুয়ারি) জারি করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন প্রতিটি কেন্দ্র থেকে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এজন্য প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটরকে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)-এ লগইন করে প্রতি কেন্দ্রের হালনাগাদ ভোটের সংখ্যা এন্ট্রি করতে হবে।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার তা যাচাই করে অনুমোদন দেবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কপট ড্যাশবোর্ড’ (‘Kopot Dashboard’)-এ সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে।

এ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলাকালীন সময়েই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত ভোটার উপস্থিতি ও ভোট পড়ার হার সম্পর্কে হালনাগাদ তথ্য পাবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।