ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের ভোটের মাঠের পরিস্থিতি দেখে আমাদের প্রতিপক্ষরা পাগল হয়ে গেছে। এখন তারা পাগল হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু আমার ভোটার ভাই-বোনদের বলতে চাই আপনারা ভয় পাবেন না। আপনারা ১২ তারিখে ব্যালটে এই ভয়ভীতির জবাব দিবেন।
আজ সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত এলিডিপর ছাতা প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আওরঙ্গজেব বেলাল বলেন, বাংলাদেশ এবং সারা বিশ্বে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র-প্রধানরা মনে করছে এবার বাংলাদেশে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। সেই সরকার আগামীতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে।
বেলাল আরও বলেন, দুঃখের বিষয় হলো আমাদের প্রতিপক্ষরা ভোটার ভাই-বোনদের বাড়ি বাড়ি গিয়ে পেছনের দরজা দিয়ে টাকার ব্যাগ নিয়ে ভোট চুরি করার অভ্যাসে পরিণত হয়েছে। মনে রাখবেন চোরেরা কখনো সমানের কাতারে আসতে পারে না। চোরেরা শুধু সিঁধ কাটতে চেষ্টা করে। শুধু তাই নয়, প্রতিপক্ষের কিছু সন্ত্রাসী ভোটার ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। সুতরাং আপনারা ১২ তারিখ শুধু ভোট দিলেই হবে না, আপনাদের ভোটের আমানত চোরদের হাতে যাতে চুরি না হয় সেজন্য তাদের প্রতিহত করতে হবে।
জনসভায় ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে ও উপজেলা জাময়াতের প্রচার সম্পাদক এইচ এম মাজহারুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহসহ উপজেলা জামায়াতে ইসলামী ও এলডিপির বিভিন্ন পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ১২ তারিখ ছাতা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।