গাজীপুরের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত ঘোষণা, বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ প্রদান করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ গণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, ভোটার, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  উল্লেখ্য মোট ভোটকেন্দ্র ৯৩৫ টি, মোট ভোটকক্ষ ৫ হাজার ১৭৩ টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৭৩ টি।

অপর দিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় অবস্থান সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে গাজীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। 

সোমবার তিনি এক গণ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘন্টা পর অর্থাৎ ১০ ফেব্রæয়ারি সকাল ৭টা ৩০ মিনিট হতে ১৩ ফেব্রæয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।