ভোলা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের মিছিলে কাফনের কাপড় পরে অংশগ্রহণ করেছেন একদল কর্মী। আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি বাজারের উত্তর মাথায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দিয়েছেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম। কাফনের কাপড় পরিহিত অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচনি পরিবেশ, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা ধরণের স্লোগান দিতে দেখা যায়।
কাফনের কাপড় পরা নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, ভোটকেন্দ্র দখল করতে আসলে সমুচিত জবাব দেওয়া হবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত। কারো রক্তচক্ষুকে আমরা পরোয়া করিনা। এ বার্তাই ছিল আমাদের কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মূল উদ্দেশ্য।
মিছিল শেষে বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধভাবে চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করা হবে এবং একটি সম্প্রীতির সমাজ বিনির্মাণ করা হবে।
তবে কাফনের কাপড় পবে মিছিল করায় দৌলতখান উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা তৈরী হয়েছে। স্থানীয়রা এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে দেখছেন।