আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে ভোট চাওয়ার ঘোষণা দেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের মুক্ত মঞ্চে ধানের শীষ প্রতীকের মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, ‘বৃহত্তর স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে কাজ করবো। নির্বাচনে তাকে বিজয়ী করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহান বলেন, ‘আজ দেশে একটি যুদ্ধ চলছে, এই যুদ্ধ স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনা কেউ নষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।