মন্ত্রী পেতে চাইলে ট্রাক প্রতীকে ভোট দিন: ভিপি নূর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মন্ত্রী পেতে চাইলে ভোটারদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাইস্কুল খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ভিপি নুরুল হক বলেন, তারেক রহমানের জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ১২ তারিখ সারাদিন ‘ট্রাক’ প্রতীকে ভোট দিতে হবে।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির মিত্র হিসেবে প্রার্থী হয়েছেন নুরুল হক নূর। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে আসনটিতে বিএনপি নেতা হাসান মামুন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

জনসভায় নূর আরও বলেন, গলাচিপা-দশমিনার অধিকাংশ মানুষ আজ ট্রাকের পক্ষে নেমেছে। কাজেই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা ১২ তারিখ নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন।

নূর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, তাঁরা যদি ১১ তারিখের মধ্যে ট্রাক প্রতীকের পক্ষে কাজ শুরু করেন, তাহলে বিএনপি থেকে তাঁদের বহিষ্কারাদেশ বাতিল করার জন্য আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব।

জনসভায় উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।