যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, জামায়াতের স্লোগান হচ্ছে 'সৎ লোকের শাসন চাই'। অথচ তারা নির্বাচনকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। ১২ তারিখ তারা জাল ভোট দিতে পারে। এই ইঞ্জিনিয়ারিং ও তাদের জাল ভোট থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা ও হতাশায় নিমজ্জিত। দুর্ভাগ্য আমাদের জন্য, তারা হচ্ছেন আমাদের প্রতিদ্বন্দ্বী।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশনের টি.বি স্কুল মাঠে নিজ নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যেই দলটি নিজেদের সৎ দাবি করে, স্বঘোষিত জান্নাতি দল, তারা কি করে জাল ভোট দেওয়ার এই রকম পরিকল্পনা করে, আপনারাই বলেন। তারা জাল ভোটসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আপনাদের ভোটের রেজাল্ট তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। সেই চিন্তায় গোটা বাংলাদেশে আজ ঘুম হারাম করে নির্ঘুম রাত পোহাচ্ছে। এই যদি হয় তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারনা তাহলে তারা কেমন সৎ লোক আপনারাই সিদ্ধান্ত নেবেন।
যুবদল নেতা নয়ন বলেন, গত ১৬ বছর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের লালন করেছিল আওয়ামী ফ্যাসিবাদী মন্ত্রী-এমপিরা। আমরা আর এই সকল চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী পুরোপুরিভাবে নির্মূল করতে চাই। আপনারা এখন থেকেই সাহস সঞ্চয় করবেন এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।