ফার্নেস অয়েলভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের বকেয়া পাওনার পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে এসব বিদ্যুৎকেন্দ্রের মোট বকেয়া এখন প্রায় ১৪ হাজার কোটি টাকা, যা গত বছরের জুনে ছিল সাড়ে চার হাজার কোটি টাকা।
এই বকেয়ার বড় অংশ গত ৮ থেকে ১০ মাস ধরে পরিশোধ হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্র মালিকরা। এতে প্রতিষ্ঠানগুলো তীব্র আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় আসন্ন রমজান মাসের আগেই অন্তত ৬০ শতাংশ বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপপা)।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিপপা নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডেভিড হাসনাত বলেন, বকেয়ার অর্থ না পেলে জ্বালানি তেল আমদানি করা সম্ভব হবে না। ফলে বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কঠিন হয়ে পড়বে। তিনি জানান, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হলে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে।