অগ্নিকাণ্ডে মা ও শিশুকন্যার মৃত্যু দগ্ধ ১

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী কন্যা রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে মোট চারটি ঘর ও একটি মুদি দোকান ভস্মীভূত হয়। অন্তত ১২টি ছাগল পুড়ে মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান দেশ রূপান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।