আস্থা ফেরাতে গ্রিনল্যান্ডে মার্কিন প্রতিনিধিদল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে ক্ষতিগ্রস্ত আস্থা পুনর্গঠনের লক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ড সফর করেছেন যুক্তরাষ্ট্রের দুই দলের সিনেটরদের একটি প্রতিনিধি দল। তাদের মতে, ট্রাম্পের মন্তব্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।

রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে ওঠা পারস্পরিক আস্থার ক্ষয় হয়েছে এবং তা নতুন করে গড়ে তোলা জরুরি। প্রতিনিধি দলে আরও ছিলেন ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স ও ম্যাগি হাসান এবং স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং। তারা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নিলসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পিটুফিকের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন।

ন্যাটোর সঙ্গে একটি নিরাপত্তা কাঠামোতে সম্মত হওয়ার পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা স্বীকার করেছে, তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে—সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না।