অপরাধ দমনে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে মাঠে নামছেন ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন নির্বাচনী অপরাধ তদন্ত ও তৎক্ষণাৎ বিচার কার্য পরিচালনা করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন ও পরের দুই দিন ম্যাজিস্ট্রেটরা সরাসরি ‘দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর অনুচ্ছেদ ৮৯ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নেবেন।

ভোটকেন্দ্র দখল, ভোটদানে বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অন্যান্য তফসিলি অপরাধের ক্ষেত্রে তারা ‘সামারি ট্রায়াল’ পরিচালনা করবেন। বিচারকরা আইনি কার্যক্রম দ্রুততর করার জন্য সহকারী, স্টেনোগ্রাফার এবং জেলা প্রশাসনের প্রয়োজনীয় যানবাহন ও পুলিশ নিরাপত্তা পাবেন।

দেশের ৩০০টি নির্বাচনী আসনে বিচারকদের সরাসরি দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিটি আসনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং তারা প্রতিটি মামলা দ্রুত নিষ্পত্তি করে ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দেবেন।

ইসি আশা করছে, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।