ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং স্কয়ার গ্রুপ যৌথভাবে স্কয়ার টেক্সটাইলস পিএলসি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর স্থাপনায় রুফটপ সোলার প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন উপলক্ষে এক বিশেষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। এ অংশীদারিত্ব স্কয়ার গ্রুপ তাদের টেকসই উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে।
এই অংশীদারিত্বের আওতায় ২০২০ সাল থেকে মোট ৭.৫১ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন তিনটি রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পে ইডকল অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করেছে। রুফটপ সোলার স্থাপনাগুলো স্কয়ার গ্রুপের শিল্প কার্যক্রমে কার্বন নিঃসরণ হ্রাস, জ্বালানি ব্যয় কমানো এবং সামগ্রিক জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রুফটপ সোলার অংশীদারিত্বের যৌথ উদযাপন অনুষ্ঠানটি রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার মহাখালীতে স্কয়ার গ্রুপের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস. চৌধুরী এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ।
স্কয়ার গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. কবির রেজা, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সিরাজ আহমেদ এবং সহকারী জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোহাম্মদ আমিনুর রহমান।
ইডকলের পক্ষে উপস্থিত ছিলেন নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (নবায়নযোগ্য জ্বালানি) মো. সেরাজুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এরিক এস. চৌধুরী বলেন, স্কয়ার গ্রুপ দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী শিল্প প্রবৃদ্ধির অংশ হিসেবে তাদের কার্যক্রমে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি সমাধান সংযুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন, ইডকল নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
এই রুফটপ সোলার প্রকল্পগুলো বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি অবদান রাখছে। ভবিষ্যতে রুফটপ সোলার সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইডকল ও স্কয়ার গ্রুপ।