জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে এসেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এক সৌজন্য সাক্ষাতে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উভয় পক্ষের ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার। একই সঙ্গে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার প্রয়োজনীয়তা নিয়েও তারা একমত পোষণ করেন।

আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল মাঠে কাজ করবে।

এ ছাড়া ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে—এমন আশাবাদও বৈঠকে ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাতে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।