হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৩ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে প্রথমবারের মতো ভোটের দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ই ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই দুদিন হিলি কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তাই ওই দুদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একইসাথে ওই সময়ে হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া, শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ওই দিনেও বন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় সকল কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে শুধু ওই দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই পথ দিয়ে পাসপোর্টের মাধ্যমে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে। ইতোপুর্বে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ না থাকলেও এবারই প্রথমবারের মতো একদিনের জন্য যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য দিন যথারীতি এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।