শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর চরে বসবাসরত তিনটি গ্রামের প্রায় ১ হাজার ৬শ ভোটাদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোন আগ্রহ নেই। কৈজুরীর যমুনা নদীর তীরবর্তী চরে কোন ভোট কেন্দ্র না থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চরবাসীরা ভোটদানে তেমন কোন আগ্রহ দেখাচ্ছে না। এমনটি জানালেন চরের স্থানীয় ভোটারা।
এদিকে খবর নিয়ে জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের মোনাকষা, ঠুটিয়া, ভাট দীঘুলিয়া ও চৌরাপাচিল গ্রামের নারী ও পুরুষ ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। স্থানীয় এলাকাবাসী জানান, এই ভোট কেন্দ্রের কাছাকাছি মোনাকোষা গ্রাম থাকলেও ঠুটিয়া, ভাট দীঘুলিয়া ও চৌরা পাচিল গ্রামের মানুষকে যমুনা চরের দীর্ঘ পাঁচ মাইল পথ পেরিয়ে এর পর যমুনা নদী পাড় হয়ে ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে।
স্থানীয়রা জানান চরের যাত্রাপথ কষ্টের ও ব্যয় বহুল। তাই দুর্গম যাত্রা পথের কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই চরের মানুষ ভোট বিমুখ হয়ে পরেছেন। স্থানীয় জন প্রতিনিধি বাবুল শেখ জানান, স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য চরে ভাট দীঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করা হলেও জাতীয় সংসদ নির্বাচনে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন না করায় চরের ভোটারদের মাঝে সংসদ নির্বাচনে ভোটের কোনও আমেজ নেই। এই জন প্রতিনিধি জানান, সংসদ নির্বাচনে অস্থায়ী ভোট কেন্দ্রটি স্থাপনের জন্য এলাকাবাসী লিখিত আবেদন করেও কোন সাড়া পায়নি।