কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম তার পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ জানুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে আদালত এ রায় দেন।
রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকা সরেজমিন পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অধীন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। এ সময় মজমপুর গেটে লাগানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই বলে শনাক্ত হয়। পরে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে এসে এ বিষয়ে ভুল স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার বাদী রাশেদ আহমেদ রায় সম্পর্কে বলেন, রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার-পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।
আদালত রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছেন।