ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন উৎসবে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোও তৎপর, সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ভালো অবস্থায় আছি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট দিতে মানুষ বাস, ট্রেনে গ্রামে ছুটছে। এ দৃশ্যই প্রমাণ করে নির্বাচন উৎসবে রূপ নিয়েছে।
সানাউল্লাহ বলেন, জুলাইয়ের নীতিমালা অনুযায়ী সাংবাদিকরা সব ধরনের কাজ করতে পারবেন। ভোটদান কক্ষে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে লাইভ দিতে পারবেন না। একই সঙ্গে গোপনকক্ষের ছবি ও ভোটগ্রহণে যুক্ত কারো সাক্ষাৎকার নিতে পারবেন না।
ইসি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তবে শেষ সময়ের মধ্যেও কেউ লাইনে দাঁড়িয়ে থাকলে তিনিও ভোট দিতে পারবেন। নির্বাচনে ৫০টি দল ও স্বতন্ত্রসহ ২ হাজার ২৮ প্রার্থী লড়বেন। সারা দেশে কেন্দ্র থাকবে ৪৩ হাজার কেন্দ্র। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র অর্ধেক। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ভোটার। পোস্টাল ভোটে ৭ লাখ ৩০ হাজার ব্যালট পেপার পৌঁছেছে।
তিনি বলেন, নির্বাচনে এ পর্যন্ত দেশি-বিদেশিসহ মোট ৪৫ হাজার ৩৩০ জন পর্যবেক্ষক নিবন্ধন করেছেন। এর মধ্যে সাড়ে তিনশর মতো বিদেশি ও ১৫৬ জন বিদেশি সাংবাদিক রয়েছেন।