কেন নির্বাচনে নেই আওয়ামী লীগ, জানালেন আসিফ নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করার কারণ ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে, ভারতে বসে যেভাবে হুমকি দিচ্ছে, তাদের কাউকেও অনুশোচনা করতে দেখিনি। তারা কোনোভাবে সংস্কারের পক্ষে অন্তর্ভুক্ত হতে পারে না। তাই নির্বাচনে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, নতুন রাষ্ট্র গড়ার লক্ষ্যে যে আমাদের কর্মপ্রক্রিয়া চলছে তাতে অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দু পরিমাণ ইচ্ছা আছে। বরং তারা যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, বাংলাদেশে সেটার কন্টিনিউশন তারা বজায় রাখতে চায়। সেটার পক্ষেই তারা কথা বলে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) গণহত্যার সঙ্গে জড়িত। তাদের প্রধান যে নেত্রী ছিলেন, তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। উনি বিদেশে বসে জুলাই আন্দোলনকারী যারা আছেন, তাদের হত্যার নির্দেশ দিচ্ছেন। এই যে জুলাই আন্দোলনে তাদের এবং সরকারের যে ভূমিকা সে বিষয়ে আওয়ামী লীগের একজন লিডারকেও অনুশোচনামূলক বক্তব্য আমরা দিতে দেখিনি।